গান গেয়ে গেয়ে ফিরেছিল যত সারল্য নিষ্পাপ
হারিয়ে যাচ্ছে তারা যে কোথায়-নেই তাপ উত্তাপ।
কিছু কিছু তারা চোখের সামনে এখনও বেড়ায় ঘুরে,
সুজয়ের গান এখনও গায় তারা জীবনের সুরে।
বড় চেনা লাগে জীবনের ঐ সুর খানি-মধুমাখা,
জীবনের শুভ জন্মলগ্নে যার উত্সটি ঢাকা।
ত্রস্ত চোখেতে সতর্ক তারা সবাক বোধকে নিয়ে-
উদ্যত যত শ্বাপদ সবুজ হিংস্র চোখেতে চেয়ে;
লেহন করছে নিজ ঠোঁট গুলি শাপদের দল যারা
লুব্ধ প্রয়াসে মাটি আঁচড়ায়,চাপা গর্জনে ভরা।
জীবনের গান তবুও থামেনা প্রাবল্য দুর্দম-
কেউ পারবেনা থামাতে এ গান-হোক যতো নির্মম।
অমৃত হ'য়ে রয়ে যাবে যত সারল্য,নিষ্পাপ
একটা হারাবে-আসবে অনেক,নেই কোনো সন্তাপ।
-বিল্বতোষ মুখোপাধ্যায়
'পক্ষপুট';বর্ধমান-713101
19.4.2007&20.4.2007[12:42am]
[আমার লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় "বর্ধমানের খবর,ঈদ উত্সব সংখ্যা,২০০৭"পত্রিকায়।]
*পত্রিকায় প্রকাশের সময় পংক্তি সংখ্যা ৪,৬,৮ তে মুদ্রণ প্রমাদ ছিল।
No comments:
Post a Comment