Essays (7) My Poems (13) Others (1) Personal (2) Story (1)

Feb 15, 2010

প্রতিরোধ-চিকিত্সা-নিরাময়


সূর্যকুমার রাজা ছিলেন 
রাজ্যে ছিলনা সুখ ;
রাজ্যে সবার নানান অসুখ 
আর্তি মাখানো মুখ |

    রাজা ডাকলেন "মন্ত্রী মশাই!"-
    মন্ত্রী এলেন কাছে ;
    রাজা শুধালেন সমস্যাটার 
    সমাধান কিবা আছে?

চন্দ্রবিজয় মন্ত্রী মশাই 
বলেন প্রচুর ভেবে-
এ রাজ্যে তো বৈদ্য প্রচুর,
এবার অসুখ যাবে!
    
    এক এক করে দিন পার হয়
    পেরোয় হপ্তা মাস-
    কয়েক বছর পার হ'য়ে যায় 
    রাজাই হত-আশ!

একদিন তাই রাজবৈদ্য  
বলেন নিজেই যেচে 
বৈদ্যরা তো দেখবে রোগী
ভাবেন কেন মিছে ?

    করতে হবে অনেক কিছু 
    বলতে আমি পারি 
    আপনি আমায় অভয় দিলে
    স্বাস্থ্য বিচার করি !

মন্ত্রী বলেন কড়া সুরে 
রাজ বৈদ্যয় ডেকে-
রাজায় ছেড়ে প্রজার ভাবনা,
গাত্রে ধুলো মেখে?

    রাজ বৈদ্য বিনয়াবতার 
    বলেন স্মিত হেসে ,
    শুনুন মশাই বৈদ্য আমি-
    সবাইকে ভালোবেসে!

রাজা বলেন বৈদ্য মশাই
অভয় দিলাম আমি;
আপনি বলুন ঔষধ কি
লাগবে দামী দামী?

    এবার বলেন রাজবৈদ্য 
    ওষুধ অল্প কিছু,
    তার সঙ্গে অন্য বিষয়
    আসবে পিছু পিছু |

জনগণের শিক্ষা লাগবে,
লাগবে কর্ম সংস্থান,
লাগবে সঠিক শুদ্ধ খাদ্য
আছে বিশুদ্ধ জলের স্থান |

    জানতে হবে কোথায় , কত 
    কোন রোগটা বা বেশী 
    দরকার কি?-চিকিত্সা, না,
    প্রতিরোধটাই বেশী!

বলতে হবে মানুষ কে ওই
প্রতিরোধের কথা 
নিরাময়ের পূর্বে অসুখ 
দেয় যে বিষম ব্যথা !

    শুধুই যদি কোনোও মানুষ
    ভোগে  অসুখ,রোগে -
    কষ্ট পাবে,ওষুধ খাবে;
    সে বিনিদ্র রাত জাগে |

নিশ্চয়তার শান্তিতে সে 
পারবে না চোখ বুজে 
গভীর ঘুমে রাত্রি কালে
শান্তি নিতে খুঁজে |

    জানতে হবে কোন রোগ টা
    ছড়ায় কেমন ভাবে,
    কি ভাবেই বা রোগ গুলি হয়-
    বিস্তার হয় কবে |

মন , সমাজ আর পরিবারের
প্রভাব কতখানি-
কোন রোগে তে জানতে হবে 
বাহক বা কোন প্রাণী |

    বুঝতে হবে পরিষেবা
    কোথায় কেমন ভাবে
    সাজিয়ে নিলে সঠিক ভাবে
    রোগের প্রকোপ যাবে |

বুঝতে হবে কি ভাবে সে
সঠিক পদক্ষেপে
সবার কাছে দেওয়া যাবে 
স্বাস্থ্য-তথ্য মেপে |

    ধীরে ধীরে এমন ভাবেই
    ঘটবে যে উন্নতি ;
    স্বাস্থ্য রাখার খরচ ও তাই
    কমবে মানুষ প্রতি |


-বিল্বতোষ মুখোপাধ্যায় 
 'পক্ষপুট' ; বর্ধমান -৭১৩১০১  
 দিনাংক-৮.২.২০১০
 সময় -৭:৩৭(সন্ধ্যা) 

No comments:

Post a Comment